এবার চরম আইনি জটিলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানে ভর্ৎসনার মুখে পড়তে হল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না-করলে আদালত তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেবে, বলে জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 15 জুলাই বিধাননগর এসিজেএম আদালতে ভয়েস স্যাম্পল অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা দিতে যেতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ নিম্ন আদালতের নির্দেশ অমান্য করায় শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম ভর্ৎসনা করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিধাননগর আদালতের বিচারক। তা সত্ত্বেও না-যাওয়ায় চরম ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিধাননগর জুরিসডিকশনাল ম্যাজিস্ট্রেটের নির্দেশের বিরুদ্ধে নতুন করে কোনও নির্দেশ দেবেন না-বলে জানিয়ে দিলেন বিচারপতি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আপনি ভয়েস টেস্ট দিতে কবে যাবেন? আমি আপনাকে সুরক্ষাকবচ দিয়েছি। তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলাম। আপনারা এই আবেদন প্রত্যাহার করবেন নাকি সেটা বলুন। না-হলে আমি আমার পুরনো নির্দেশ ফের পুনর্বিবেচনা করব।”