বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল নিহত হয়েছে পুলিশি এনকাউন্টারে ৷ সেই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। শুক্রবার ঘটনাস্থলে যান সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ এদিকে শনিবার সূর্যপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়ি তৈরির দাবি উঠেছিল, সেটিও শুভেন্দুর হাতে উদ্বোধন হতে পারে ৷ তার আগে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন বারুইপুরে যান রাজ্য পুলিশের আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কংকরপ্রসাদ বারুই৷ শুক্রবার বেলা ১২টা নাগাদ চার সদস্যের সিআইডির টিম দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে যায় ৷ যেখানে প্রভাস মণ্ডলের এনকাউন্টার হয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে, সেই ঘটনাস্থল ঘুরে দেখেন সিআইডির আধিকারিকরা ৷ তাঁরা দীর্ঘক্ষণ ধরে এলাকা পরিদর্শন করেন। শুধু ঘটনাস্থল ঘুরে দেখাই নয়, অত্যাধুনিক ফরেনসিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সাহায্যে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কোথায় কীভাবে ঘটনাটি ঘটেছিল, পুলিশের অবস্থান কোথায় ছিল, অভিযুক্ত কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করেছিল বলে দাবি করা হচ্ছে, এসব বিষয় বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন তদন্তকারীরা। তদন্তের অংশ হিসেবে ঘটনার পুনর্নির্মাণের সময় কী কী ঘটেছিল, সেই বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়। প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে আসার পর ঠিক কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কীভাবে তিনি পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলেন এবং কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল-সেই সমস্ত বিষয়ের সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির মিলিয়ে দেখা হয়। এছাড়াও তদন্তকারীরা ঘটনাস্থলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ফিতে দিয়ে মেপে নথিভুক্ত করেন। রাস্তার প্রস্থ, বিভিন্ন স্থানের মধ্যে দূরত্ব, সম্ভাব্য অবস্থান এবং ঘটনাক্রমের সঙ্গে সম্পর্কিত একাধিক পয়েন্টের পরিমাপ করা হয়। সিআইডির এই তদন্তের মূল উদ্দেশ্য হল এনকাউন্টারের ঘটনায় পুলিশের বর্ণনার সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির মিল রয়েছে কি না, তা যাচাই করা। পাশাপাশি ঘটনার প্রতিটি ধাপ বৈজ্ঞানিক ও ফরেনসিক পদ্ধতিতে বিশ্লেষণ করে প্রকৃত সত্য সামনে আনার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। ঘটনাস্থল পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিআইডির এক আধিকারিক জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে তদন্তের স্বার্থে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘‘গোটা বিষয়টি তদন্তকারী আধিকারিকই যথাসময়ে জানাবেন। তাই এখনই এনকাউন্টার নিয়ে কোনও মন্তব্য করবে না।’’

