রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। রাজনীতির সীমানা পেরিয়ে এবার তিনি ধরা দিলেন সুরের দুনিয়ায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ঝালমুড়ি নিয়ে তৈরি এক মজাদার গানে কণ্ঠ দিচ্ছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়গপুর সদরের এই বিজেপি বিধায়ক। সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষ করে চিনার পার্কের একটি রেকর্ডিং স্টুডিওতে হাজির হন দিলীপবাবু। সেখানে শিল্পী লোকেশ গিরি ও রিমাশ্রীর কথা ও সুরে একটি গানে অংশ নেন তিনি। ‘আম আচারে টক মিলবে’, ‘চামচে নাড়ানাড়ি’ কিংবা ‘জিভে জল আনে ঝালমুড়ি’- এমন হালকা মেজাজের ও ছন্দে ভরা কথায় তৈরি হয়েছে গানটি। বিজেপির অনুপম হাজরার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়েছে। উল্লেখ্য, বাংলায় ‘ঝালমুড়ি’ গত কয়েক মাসে কেবল রাস্তার খাবার হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছে এক রাজনৈতিক প্রতীক। গত বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার ছবি থেকেই এর সূত্রপাত। পরবর্তীতে কৃষ্ণনগরের সভায় নরেন্দ্র মোদির সেই বিখ্যাত মন্তব্য- “আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের”- রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার জন্ম দেয়। পরবর্তীতে দিল্লিতে এনডিএ-র বৈঠকেও শুভেন্দু অধিকারীর হাত ধরে ঝালমুড়ি পুনরায় শিরোনামে উঠে আসে।

