আবার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। বারুইপুর থানার শাসন এলাকার ঘটনা। সেখানে এক নাবালিকাকে নিয়ে একটি ভাড়া ঘরে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকা এবং সামাদ আলী নামে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তাদেরকে ধরে বারুইপুর থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার ব্যারাকপুর এলাকায় বাড়ি। সেখান থেকে পরিবারের সঙ্গে ঝগড়া করে শিয়ালদহ স্টেশনে আসে সে। অভিযোগ, সেখানেই খাবারের লোভ দেখিয়ে মথুরাপুর এলাকার বাসিন্দা এই সামাদ তাকে নিয়ে বারুইপুরের শাসন এলাকায় আসে। এই ঘটনায় ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ সামাদকে গ্রেফতার করে আদালতে তুলেছে পুলিশ। অন্যদিকে, মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের হাতে তুলে দেয় বারুইপুর থানা পুলিশ।

প্রসঙ্গত, বারুইপুরের ১১ বছরের নাবালিকাকে নির্মমভাবে খুন এবং গণধর্ষণের কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য৷ বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় নাবালিকার দেহ৷ ঘটনার পর উত্তাল হয়ে ওঠে বারুইপুর৷ গণপিটুনির জেরে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির৷