বর্ষার সঙ্গী এবার নিম্নচাপ। যার জেরে রাজ্যজুড়ে চলতি সপ্তাহেই বৃষ্টির দাপট। বাংলা ক্যালেন্ডারের আষাঢ়-শ্রাবণ মাস জুড়েই জলভরা মেঘের ঘনঘন আগমন আকাশে। গত কয়েকদিন ধরেই রোদের দেখা নেই। হালকা কিংবা মাঝারি বৃষ্টিতে ভিজছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত আজ সকালেই নিম্নচাপে পরিণত হতে চলেছে। ধীরে ধীরে নিম্নচাপটির শক্তি বাড়বে। আজ থেকে বাড়বে বৃষ্টি।  আজ, বুধবার উপকূল ও লাগোয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, রথযাত্রার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর। ভারী বৃষ্টির সম্ভাবনা দুই 24 পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই আগামিকাল রথের দিন অতিভারী বৃষ্টি উপকূল সংলগ্ন জেলাগুলিতে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা-সহ প্রায় জেলায় রথযাত্রা এবং তার পরের দিন অর্থাৎ আগামিকাল ও পরশু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । শনিবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে আজ আবার নিম্নচাপের পরিণত হবে। ছয় দিনের ব্যবধানে এটি দ্বিতীয় নিম্নচাপ বঙ্গোপসাগরে। প্রথম নিম্নচাপের তুলনায় দ্বিতীয়টি বেশি শক্তিশালী। উত্তর-পশ্চিম বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত এই নিম্নচাপ।

উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা। আজ এবং আগামিকাল অর্থাৎ বুধ, বৃহস্পতিবার বৃষ্টি কম হবে। তবে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে উত্তরে। আগামী রবিবার ও সোমবার অতি ভারী বা প্রবল বৃষ্টির লাল সতর্কতা উত্তরের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে।