শুক্রবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র তিনদিনের বঙ্গ সফর। এই তিনদিন রাজ্যজুড়ে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নের দিকে কড়া নজর রাখতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, তাঁর এই সফরের প্রতিটি পদক্ষেপই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির নিরিখে যথেষ্ট ইঙ্গিতবাহী। ১৭ জুলাই, শুক্রবার বাংলায় আসছেন শাহ। শনিবার, ১৮ জুলাই, স্বরাষ্ট্রমন্ত্রীর মূল ফোকাস থাকবে উত্তরের সীমান্ত এলাকাগুলোতে। শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শনের পাশাপাশি তিনি বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং তাঁদের মনোবল বৃদ্ধির চেষ্টা করবেন। এদিনই বিএসএফ-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এরপর সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। পাশাপাশি, রাজ্যে সদ্য কার্যকর হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন- ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং ভারতীয় সাক্ষ্য আইন (BSA)-এর প্রয়োগ ও বাস্তবায়ন কতটা সফল হয়েছে, তা নিয়ে খুঁটিনাটি খতিয়ে দেখবেন তিনি। এছাড়া জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন ব্যবস্থার হালহকিকত নিয়েও একটি বিশেষ পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে তাঁর।

