banganews.net

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ের লোকসভার নেতা হিসেবে শনিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় উত্তর কলকাতার সাংসদের ৷ দলের তরফে সেই বৈঠকের খবর জানানো হয় সোশাল মিডিয়ায় ৷ দু’জনের মধ্য়ে আলোচনা ইতিবাচক বলেও দাবি করা হয় ৷ তবে মোদি-সুদীপ বৈঠকে ঠিক কী কী কথা হয়েছে সে ব্যাপারে কোনও তথ্য় এনসিপিআইয়ের তরফে দেওয়া হয়নি ৷ একইসঙ্গে সংসদের বাদল অধিবেশনের আগে রবিবারের সর্বদল বৈঠকেও ডাক পেয়েছে এনসিপিআই ৷ তৃণমূল থেকে বেরিয়ে 20 জন সাংসদ এই দলে যোগ দিয়েছেন ৷ তারপরই এনসিপিআইকে সর্বদল বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ৷ পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদরা এখন থেকে আর তৃণমূলের সদস্যদের সঙ্গে বসবেন না ৷ তাঁদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে ৷

তৃণমূল ছাড়ার পর সুদীপরা আলাদা দল হিসেবে স্বীকৃত হতে চেয়ে স্পিকারের কাছে আবেদন করেছিলেন ৷ সেই আবেদনের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ৷ কিন্তু একে একে যেভাবে এনসিপিআইকে সর্বদল বৈঠকে ডাকা হচ্ছে এবং লোকসভাতেও আলাদা বসার সুযোগ করে দেওয়া হচ্ছে তাতে সুদীপদের কাঙ্খিত স্বীকৃতি পেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷ যদিও তৃণমূলের তরফে এ নিয়ে আগেই ওম বিড়লার সঙ্গে দেখা করে প্রতিবাদ ধ্বনিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে কোনও দলের সাংসদরা এভাবে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে অন্য দলের সদস্য হতে পারে না ৷ জনপ্রতিনিধিত্ব আইনে স্পষ্ট বলা আছে কোনও একটি দল অন্য দলের সঙ্গে মিশতে পারে ৷ এক্ষেত্রে সেটা হচ্ছে না ৷ অভিষেকের আরও দাবি, এই আইনে বলা আছে কোনও সাংসদ যদি নিজের দল ছেড়ে অন্য দলে যান তাহলে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায় ৷ এখানেও সেটাই হয়েছে তৃণমূলের টিকিটে জিতে আসা সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন ৷ মানে তাঁরা আর তৃণমূলের সদস্য় নন ৷ কারণ, একসঙ্গে দুটি রাজনৈতিক দলের সদস্য় হওয়া যায় না ৷ তাহলে নিয়ম অনুযায়ী তাঁদের সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু অভিষেকের যুক্তি স্পিকার মানবেন কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছে শনিবার ৷ এদিন উদ্ধব ঠাকরের শিবির ছেড়ে একনাথ শিণ্ডের শিবসেনায় যোগ দেওয়া 6 সাংসদের ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার ৷ তিনি জানান, এখন থেকে এই 6 জন শিণ্ডে সেনার সাংসদ হিসেবেই চিহ্নিত হবেন ৷ মোট 9 সাংসদরে মধ্যে শিবির বদল করেছেন 6 জন ৷ এদিকে তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদের নিয়ে আরও একবার প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, সাংসদরা যা ভালো মনে করেছেন সেই পথে হেঁটেছেন কিন্তু তাঁরা এমন কিছু ভাবছেন না ৷