কলকাতা হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের । ইডি তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের বিরোধিতা করে আদালতে আবেদন করেছিল তৃণমূল ৷ সেই আবেদন আর্জি খারিজ করল হাইকোর্ট । সোমবার বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন, এই মুহূর্তে ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট নিয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না । তৃণমূল কংগ্রেস ও ইডিকে পাঁচ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাও। 26 অগস্ট বুধবার ফের এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৷ উল্লেখ্য, এর আগে গত 9 জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, পুলিশ তৃণমূল কংগ্রেসের যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল তাতে লেনদেন চালু করতে হবে ৷ প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের খরচ দেখার দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট । চেকে তৃণমূল কংগ্রেসের দু’জন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের স্বাক্ষরের ভিত্তিতে টাকা খরচের অনুমতি দেবেন তিনি। 30 সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য । এরপরই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ফের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানানো হয় ইডির ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্ট চালু করার । বিচারপতি মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন । আজকে তিনি তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ করেছেন ।

