সীমান্তে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদর দফতরের ভিতরেই রক্তাক্ত তাণ্ডব । কোর্ট মার্শালের বিচারাধীন এক বিএসএফ জওয়ান প্রহরীর রাইফেল ছিনিয়ে সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদহের বৈষ্ণবনগরের বিএসএফ ক্যাম্প । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিন জওয়ান । তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন হুগলির এক জওয়ান । সীমান্তরক্ষী বাহিনীর অন্দরে এমন নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বৃহস্পতিবার দুপুরে বৈষ্ণবনগরে বিএসএফের 119 নম্বর ও 71 নম্বর ব্যাটালিয়নের সদর দফতরে ঘটে এই ঘটনা । পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ানের নাম শিবম কুমার মিশ্র ৷ তিনি ছত্তিশগড়ের বাসিন্দা । একটি নির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রক্রিয়া চলছিল । সেই কারণে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল ।

