মণিপুরে 2023 সালের জাতিগত হিংসা নিয়ে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর বিচারকাজ দ্রুত ও নিয়মিতভাবে পরিচালনার জন্য বিশেষ আদালত গঠনের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট । একইসঙ্গে শীর্ষ আদালত তদন্তকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে, যেন তারা বকেয়া থাকা তদন্ত দ্রুত শেষ করে এবং ভুক্তভোগীরা যাতে চার্জশিটের প্রতিলিপি পান, তা যেন নিশ্চিত করা হয় । প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ মণিপুরের হিংসা সংক্রান্ত একাধিক আবেদনের শুনানির সময় লক্ষ্য করে যে, অনেক ভুক্তভোগী ও তাঁদের পরিবার সিবিআই এবং রাজ্যের এসআইটি বা বিশেষ তদন্তকারী দলের দায়ের করা ফৌজদারি মামলার চার্জশিটের প্রতিলিপি এখনও পাননি । আদালত ভুক্তভোগীদের পক্ষের আইনজীবীদের গুয়াহাটি ও মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতিদের কার্যালয়ে গিয়ে চার্জশিটের প্রতিলিপি চাওয়ার অনুমতি দিয়েছে । তদন্তকারী সংস্থাগুলোকে এক সপ্তাহের মধ্যে আইনজীবীদের হাতে চার্জশিটের প্রতিলিপি তুলে দিতে বলা হয়েছে । ফৌজদারি মামলাগুলোর বিচারকাজ দ্রুত ও নিয়মিতভাবে পরিচালনার জন্য বিশেষ আদালত গঠনের প্রস্তাব দিয়ে শীর্ষ আদালতের বেঞ্চ এদিন রাজ্য সরকার, এসআইটি এবং সিবিআইয়ের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটিকে নির্দেশ দেয় যে, যেসব মামলার তদন্ত শেষ হয়েছে ও চার্জশিট দাখিল করা হয়েছে, সেগুলোর তথ্য এবং যেসব মামলার তদন্ত এখনও অসম্পূর্ণ সেগুলোর বিস্তারিত তথ্য যেন একত্রিত করে আদালতে পেশ করা হয় । বেঞ্চ জানায়, এর ফলে দ্রুত বিচারকাজ পরিচালনার জন্য ঠিক কতগুলো বিশেষ আদালতের প্রয়োজন হবে, তা নির্ধারণ করা সহজ হবে ।