banganews.net

 পুরুষদের 60 কেজি বিভাগে রুপো জিতে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন ঋষিকান্ত সিং ৷ সেই আনন্দ দ্বিগুণ করে রবিবার কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক সারলেন মীরাবাই চানু ৷ প্রত্যাশায় সিলমোহর দিয়ে এদিন পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন ভারতীয় ওয়েটলিফটিং’য়ের পোস্টার-গার্ল ৷ সেইসঙ্গে চলতি কমনওয়েলথ গেমসে প্রথম সোনার স্বাদ পেল ভারত ৷ মহিলাদের 48 কেজি বিভাগে এদিন গেমস এবং একইসঙ্গে কমনওয়েলথ রেকর্ড গড়ে স্বর্ণপদক গলায় ঝোলালেন মণিপুর-কন্যা ৷ 2018, 2022 সালের পর ফের সোনা জিতে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকের হ্যাটট্রিক করলেন চানু ৷ সবমিলিয়ে গেমসে এটি চতুর্থ পদক জয় বছর একত্রিশের অ্যাথলিটের ৷ 2014 সালে গোল্ড কোস্ট গেমসে রুপো জিতেছিলেন মণিপুরের ভারোত্তোলক ৷ স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে গ্লাসগোয় এদিন ফাইনালে 190 কেজি ওজন তোলেন ভারতের তারকা অ্যাথলিট ৷ এরমধ্যে স্ন্যাচ বিভাগে 85 কেজি তুলে গেমস এবং কমনওয়েলথ রেকর্ড গড়েন চানু ৷ এরপর ক্লিন অ্যান্ড জার্কে 105 কেজি ওজন তুলে সোনা নিশ্চিত করেন টোকিয়ো অলিম্পিক্সের রুপোজয়ী ৷ চানুর অনেকটা পিছনে শেষ করে রুপো জেতেন নাইজেরিয়ার ভারোত্তোলক রুথ নিয়ং ৷ 168 কেজি ওজন তুলে পোডিয়াম ফিনিশ করেন তিনি ৷ এক কেজি কম তুলে ব্রোঞ্জ জেতেন মালয়েশিয়ার জেন হেনরি ৷ তবে স্ন্যাচ বিভাগে এদিন শুরুটা ভালো হয়নি ভারতীয় অ্যাথলিটের ৷ প্রথম প্রচেষ্টায় 82 কেজি তুলতে ব্যর্থ হন তিনি ৷ এরপর দ্বিতীয় প্রচেষ্টায় 82 কেজি তুলতে সফল হলে তৃতীয় প্রচেষ্টায় 85 কেজি তুলে গেমস ও কমনওয়েলথ রেকর্ড নিজের নামে করে নেন চানু ৷