November 26, 2026
BREAKING NEWS
ভাবনায় ভারত সবার আগে, কর্মে কর্তব্যই প্রধান: প্রধানমন্ত্রী মোদিপ্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি জারি নবান্নেরআয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বড় নির্দেশ ! সুপ্রিমকোর্টে স্বস্তি রাহুল গান্ধিরউত্তরকাশীতে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ৩৩ বাড়িবালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকানদিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত দুই মহিলা সহ ৩ফের ভারতের উপর শুল্কের চাপ বাড়াতে চলেছে আমেরিকা
দেশ

ইনফোসিস কর্তার নেতৃত্বে উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সংশোধিত বিল এনে প্রশ্নপত্র ফাঁসে দোষীদের কড়া শাস্তির জন্য বিল আনছে মোদি সরকার ৷ এবার প্রশ্নপত্র ফাঁস বন্ধে উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার বিকেলে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে তিনি জানান, ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকনির নেতত্বে একটি উচ্চস্তরীয় কমিটি প্রশ্নপত্রের ফাঁস হওয়া রুখতে কাজ করবে ৷ আগামিকাল সংসদের বাদল অধিবেশনে প্রশ্নপত্র ফাঁসে দোষী সাব্যস্তদের জন্য কড়া সাজার বিধান নিয়ে সংশোধিত বিল পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগেই এদিন বিকেলে ভিডিয়ো বার্তায় পরীক্ষা পদ্ধতি সংস্কারে উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠনের কথাটি জানালেন ৷

উচ্চস্তরীয় টাস্ক ফোর্স

নিলেকনি কমিটি পরামর্শ দেবে, কীভাবে যতটা সম্ভব প্রযুক্তির ব্যবহারের দ্বারা পরিচ্ছন্ন ও স্বচ্ছ পরীক্ষার বন্দোবস্ত করা যায় ৷ প্রধানমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, “নিলেকনি কমিটির মূল উদ্দেশ্যই হবে পরীক্ষা পদ্ধতির সংস্কার ৷ আগামী দিনে পরীক্ষাকে বিশ্বাসযোগ্য করে তোলা নিশ্চিত করতে এই টাস্ক ফোর্স যে প্রস্তাবগুলি দেবে, সেগুলি আমরা কার্যকর করব ৷” তিনি আরও জানান, পড়ুয়াদের উন্নয়নে ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে ৷ গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেননি ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি বলেন, “যারা পড়ুয়াদের কেরিয়ার নিয়ে খেলেছে, তারা এখন জেলে পচছে ৷” তিনি আরও বলেন, “আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছি ৷ আগামিকাল সংসদে একটি কঠোর আইন পেশ করতে চলেছি ৷ এছাড়া আমাদের ভবিষ্যতের কথাটা ভাবতে হবে ৷ আমাদের পরীক্ষা পদ্ধতিকে কার্যকর, স্বচ্ছ এবং প্রযুক্তি-চালিত করতে আমরা একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি ৷ এই টাস্ক ফোর্সের পাখির চোখ হবে পরীক্ষা পদ্ধতির সংস্কার ৷”

উচ্চস্তরীয় টাস্ক ফোর্সের সদস্যরা

দেশের প্রথম সারির আইটি কোম্পানি ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকনি প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে খ্যাত ৷ দেশের আধার কার্ড তৈরির প্রযুক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়ে ৷ তাঁর নেতৃত্বে এই টাস্ক ফোর্সে প্রশ্নপত্র ফাঁস রুখতে কাজ করবেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা ৷

নিলেকনি ছাড়া এই কমিটিতে থাকছেন-

  • ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ,
  • ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর ডিরেক্টর তপন ডেকা,
  • আইআইটি চেন্নাইয়ের ডিরেক্টর ভি কামাকোটি,
  • প্রাক্তন শিক্ষা সচিব অনীতা কারওয়াল
  • লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মীনা

গতকাল সিজেপির নেতৃত্বে জেন Z আন্দোলনের কাছে মাথা নত করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ শনিবার সিজেপি ও সরকারের তৃতীয় দফতার বৈঠকের আগে দুপুরে ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ এরপর কনস্টিটিউশন ক্লাবে দু’পক্ষের মধ্যে বৈঠক হয় ৷ সেখানে তিনটি মূল শর্তের মধ্যে অন্যতম ছিল পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করা ৷