banganews.net

মধ্য কলকাতার রাস্তায় এনসিপিআই-এর ‘বিদ্রোহী’ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত পোস্টার ঘিরে তুমুল রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে । পোস্টারে লেখা, ‘বেইমান আর চোরটা, নয়না দিদির বরটা’। তবে স্লোগানের থেকেও রাজ্য রাজনীতিতে বেশি আলোচনা শুরু হয়েছে পোস্টারের ঠিক নীচে লেখা একটি লাইন ঘিরে । সেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, ‘প্রচারে তাপস রায় এবং কুণাল ঘোষ’। দুই বিরোধী শিবিরের দুই পরিচিত মুখ – বিজেপির বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং তৃণমূলের (কালীঘাটপন্থী) বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ কি তবে একসঙ্গে হাত মিলিয়ে দলীয় সাংসদের বিরুদ্ধে প্রচারে নামলেন ? রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে এই বড় প্রশ্ন । ​তবে এই পোস্টার কাণ্ডে নাম জড়াতেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দুই নেতাই । ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “পোস্টারে যে তাপস রায়ের নাম উল্লেখ রয়েছে, ওই ব্যক্তি আমি নই । আমি এই বিষয়ে কিছু জানি না । পোস্টারে যে শব্দগুলি ব্যবহার করা হয়েছে তাতে আমার সহমতে কিছু যায় আসে না, তবে আমার ধারণা এই কাজটি এলাকার সাধারণ মানুষ কিংবা তৃণমূল করে থাকতে পারে । আমার নাম হয়তো ব্যবহার করেছে । তাপস রায় তো আরও অনেকে আছে, ওখানে তো লেখা নেই মন্ত্রী তাপস রায় ।”

একই সঙ্গে উত্তর কলকাতার রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তাঁর সংযোজন, “উত্তর কলকাতার সাধারণ মানুষ বিশেষ করে তৃণমূল কর্মীদের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ অনেক দিনের । ওঁকে রীতিমতো ঘৃণা করে ।” ​উল্লেখ্য, 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায় । উত্তর কলকাতা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও পরবর্তীতে তিনি মানিকতলা কেন্দ্র থেকে জিতে বিধানসভায় যান এবং বর্তমানে মন্ত্রিসভার সদস্য । ​অন্যদিকে, কুণাল ঘোষও জানান যে এই ধরনের কোনও পোস্টারের সঙ্গে তাঁর বিন্দুমাত্র যোগাযোগ নেই । তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা ক্ষোভের প্রতি সহমত পোষণ করেছেন তিনি ৷ কুণাল বলেন, “ওই পোস্টারে লেখা কুণাল ঘোষ আমি নই । আমি খোঁজ নিচ্ছি । তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেইমানি বা যে অভিযোগ উঠেছে, তা নিয়ে দ্বিমত নই । এটা গোটা কলকাতা জানে এবং আমিও অতীতে বারবার বলেছি ।”

​তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়ের সঙ্গে যৌথভাবে পোস্টার সাঁটানোর জল্পনা উড়িয়ে দিয়ে বেলেঘাটার বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন, “কোন তাপস রায়ের কথা বলা হচ্ছে আমি জানি না । যদি মন্ত্রী তাপস রায় হয়ে থাকেন, তাহলে তিনি অন্য দলের, আমরা কেন একসঙ্গে পোস্টার করতে যাব । তবে আগেও দেখা গিয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমাদের দু’জনের বক্তব্য এক, কিন্তু তাই বলে আমরা একসঙ্গে পোস্টার করতে যাব কেন ? পোস্টারের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ।”