banganews.net

বেহাল রাস্তায় বাস উল্টে প্রাণ হারালেন বাস কন্ডাক্টর । আহত একাধিক যাত্রী । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারে ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৮৯ নম্বর রুটের একটি যাত্রীবোঝাই বাস ঢোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুর রওনা দেয়। মন্দিরবাজার থানার গাববেড়িয়া এলাকায় পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিপরীত দিক থেকে একটি দুধবোঝাই পিকআপ ভ্যান আসছিল, সেটিকে পাশ কাটাতে গিয়ে বাসচালক রাস্তার একেবারে ধারে চলে যান । কিন্তু দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও গর্তে ভরা রাস্তার কারণে বাসটি ভারসাম্য হারিয়ে পাশের দিকে উল্টে যায় । মুহূর্তের মধ্যেই যাত্রীদের মধ্যে চিৎকার, আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়ে যায় । অনেক যাত্রী বাসের ভিতরে আটকে পড়েন । দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের গ্রামের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান । বাসের জানলার কাচ ভেঙে এবং দরজা খুলে আটকে পড়া যাত্রীদের বাইরে বের করে আনা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্দিরবাজার ও ঢোলাহাট থানার পুলিশ ।এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের কন্ডাক্টর খোকন সর্দার (57)-এর । তিনি দীর্ঘদিন ধরে 89 নম্বর রুটে কন্ডাক্টরের কাজ করতেন । সহকর্মীদের কাছে তিনি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিলেন । তাঁর আকস্মিক মৃত্যুতে বাস কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে । তাঁদের চিকিৎসা চলছে । মন্দিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) প্রসেনজিৎ দাস জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে মন্দিরবাজার ও ঢোলাহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় । দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করে সরিয়ে আনা হয়েছে । ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন । কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে ।

দুর্ঘটনার পর রামগঙ্গা রোডের দুই দিকেই দীর্ঘ যানজট হয় । বাস উল্টে যাওয়ায় বহু ছোট-বড় গাড়ি আটকে পড়ে । পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ক্রেনের সাহায্যে বাসটিকে রাস্তা থেকে সরানো হয় । এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন বাসকর্মী, স্থানীয় বাসিন্দা এবং বাস সংগঠনের সদস্যরা ৷ কথা প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি । সেই গাফিলতিরই মাশুল দিতে হল এক বাসকর্মীকে । স্থানীয় বাসিন্দারাও একই দাবি তুলেছেন । তাঁদের অভিযোগ, গাববেড়িয়া এলাকায় রামগঙ্গা রোডের একাধিক অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে । বর্ষাকালে সেই সমস্যা আরও বেড়ে যায় । বড় বড় গর্তে জল জমে থাকায় চালকদের পক্ষে রাস্তার অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ে । প্রতিদিন শতাধিক বাস, ট্রাক, পিকআপ ভ্যান এবং অন্যান্য যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে । ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় । প্রত্যক্ষদর্শীদের বয়ান, বাস চালকের বক্তব্য এবং ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখা হবে । রবিবার সকালের এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার দক্ষিণ 24 পরগনার সড়ক নিরাপত্তা ও রাস্তা রক্ষণাবেক্ষণের প্রশ্নকে সামনে এনে দিল । স্থানীয় বাসিন্দা, বাস সংগঠন এবং যাত্রীদের একটাই দাবি—শুধু তদন্ত নয়, অবিলম্বে রামগঙ্গা রোডের সংস্কার করতে হবে । পাশাপাশি অবৈধ গাড়ির বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে হবে । তা না হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনায় আরও নিরীহ মানুষের প্রাণ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সকলেই ।