banganews.net

NCPI কি NDA-এর সঙ্গে মিশে যাবে? এই নিয়ে জল্পনার মাঝেই শুক্রবার সকালে নয়াদিল্লিতে নিজের বাসভবনে তৃণমূল-ত্যাগী সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন NDA এবং শরিক দলের সাংসদরাও। সূত্রের খবর, বৈঠকে নিজের কেন্দ্র এবং রাজ্যের উন্নয়নে কাজ করার বার্তা দিয়ে মোদী বলেন, ‘রাজ্যগুলির অগ্রগতি হলে, তবেই দেশের উন্নয়ন সম্ভব।’ এ দিন সকাল ৮টা নাগাদ লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে এক এক করে হাজির হতে শুরু করেন সাংসদরা। যাওয়ার পথে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে কখনও এমন বৈঠকে যোগ দিইনি। আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। অধিকাংশ সাংসদই যোগ দেবেন।’ তবে মুর্শিদাবাদের তিন সাংসদ যাবেন কিনা তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁরা আলাদা বৈঠক করেছিলেন। তবে ধোঁয়াশা কাটিয়ে সুদীপদের সঙ্গে বৈঠকে যোগ দেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানও। দেব ছাড়া ১৯ জন সাংসদই ছিলেন এ দিন। এ দিনের বৈঠকে উন্নয়ন, সংসদীয় দায়িত্ব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকা কী হতে চলেছে তা নিয়ে মোদী সাংসদদের সঙ্গে আলোচনা করেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ অতীতের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এক সময়ে পশ্চিমবঙ্গ এবং ওডিশা দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য ছিল। হয়ে উঠেছিল ভারতের অর্থনৈতিক শক্তির প্রতীক।’ বিশেষ করে পশ্চিমবঙ্গের অগ্রগতি বিশ্বের কাছে এক শক্তিশালী, সমৃদ্ধ এবং আত্মবিশ্বাসী ভারতের বার্তা পৌঁছে দেবে বলেও উল্লেখ করেন তিনি।