banganews.net

আরজি কর কাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কলকাতা তথা রাজ্য ৷ প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ৷ কিন্তু 2024 সালের সেই অভিশপ্ত 9 অগস্টের পর দু’টি বছর কেটে গিয়েছে ৷ আরজি করের তরুণী পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ৷ এরপর আর তদন্তে নতুন কোনও অগ্রগতি হয়নি ৷ দিনটিকে স্মরণে রেখে বিচার চেয়ে ফের পথে নামল জুনিয়র-সিনিয়র চিকিৎসকদের সংগঠন ৷ সঙ্গে হাজার হাজার মানুষ ৷ রবিবার সকালে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে আয়োজন করা হয়েছিল ‘অভয়া ক্লিনিক’-এর ৷ চিৎপুরে সেই ক্লিনিকের পর একটি মিছিলের ডাক দেন তাঁরা ৷ কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। এছাড়া সিনিয়র চিকিৎসক ও ‘অভয়া মঞ্চে’র তরফে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে বহু সিনিয়র চিকিৎসকদের পাশাপশি হাজির ছিলেন সাধারণ মানুষও ৷ চিকিৎসক পুণ্যব্রত গুণ বলেন, “এখনও পর্যন্ত নতুন সরকার আসার পর এমন কোনও ঘটনা ঘটেনি যা দেখে আমরা বিচারের আশা করতে পারি ৷ যে সরকার এখন রাজ্যে আছে, সেই সরকারই কেন্দ্রে । সেই প্রধানমন্ত্রীর দফতরের মধ্যে পড়ে সিবিআই ৷ তখন তারা বিচার করতে পারেনি, এখন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর, এই বিচার করে দেবে, এমনটা মনে হয় না ৷ দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন ৷ কিন্তু তিনি আবার যেন ভালো তৃণমূল না হয়ে যান !” এদিকে, এদিন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জানাতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর চক্রবর্তী ৷ তিনি নির্যাতিতা চিকিৎসকের প্রতীকী মূর্তিতে মাল্যদানও করেন ৷