রবিবার সকালে নিজের বাড়ি থেকে মিলল পাঁচবারের বিধায়ক ও মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ ৷ বাড়ির পাশে একটি অফিস ঘর থেকে প্রাক্তন ডেপুটি স্পিকার তথা এই বিধায়কের দেহ উদ্ধার হয়েছে ৷ পাশে ছিল একটি নোট ৷ পরিবার সূত্রে খবর, রাত 12টা পর্যন্ত পরিবারের সকলের সঙ্গে গল্প করে শুয়ে পড়েছিলেন আশিস ৷ সকালে উঠে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দেখেন বাড়ির পাশে অফিস ঘরের দরজা বন্ধ ৷ জানালার ফাঁক দিয়ে দেখতেই বিষয়টি বুঝতে পারেন সকলে ৷ এরপর থানায় খবর দিতেই রামপুরহাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ নোটের বিষয়বস্তু খতিয়ে দেখছে পুলিশ । তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায় 2001 থেকে 2026 সাল পর্যন্ত একটানা বিধানসভায় রামপুরহাটের প্রতিনিধিত্ব করেছেন । তিনি বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে স্কুল শিক্ষা ও কৃষির মতো গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন । ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রামপুরহাট থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ কিন্তু বিজেপির ধ্রুব সাহার কাছে 24 হাজারেরও বেশি ভোটে পরাজিত হন । দলীয় সূত্রের খবর, নির্বাচনে পরাজয়ের পর তাঁকে রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি । বীরভূমে দলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল যখন জেলা সভাপতি ছিলেন, সেই সময় আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্যতম প্রধান নেতা হিসেবে পরিচিত ছিলেন । রাজ্যে পালাবদলের চার মাসের মধ্যেই এই ঘটনা ৷ তৃণমূলের বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক ও নেতা বর্তমানে দুর্নীতির অভিযোগে তদন্ত ও গ্রেফতারের মুখোমুখি হচ্ছেন নিত্যদিন । তবে আশিস বন্দ্যোপাধ্যায় চরম সিদ্ধান্ত নিয়েছেন কি না এবং যদি তাই হয়ে থাকে, তবে কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন—পুলিশ তা তদন্ত করে দেখছে । ময়নাতদন্তের রিপোর্ট এবং নোটের বিষয়বস্তু থেকে তাঁর মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে ।

