জম্মু-কাশ্মীরের পীর পঞ্জাল অঞ্চলে সন্ত্রাসবাদী চক্রের বিরুদ্ধে বড় ধরনের আঘাত হানল পুলিশ। নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবা-র মদতপুষ্ট একটি ওভার গ্রাউন্ড ওয়ার্কার মডিউলের সন্ধান মিলেছে। এই ঘটনায় তিন প্রধান সহযোগীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। জানা গেছে, ধৃত তিন অভিযুক্ত হলেন- রাজৌরির কোটচরওয়াল তেরিয়াথ এলাকার বাসিন্দা জাকির হুসেন ও মোহাম্মদ আজম এবং উদহান রাজৌরি এলাকার বাসিন্দা মোহাম্মদ মুশতাক। প্রাথমিক জেরা থেকে জানা গিয়েছে যে, এই তিনজন দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সক্রিয় পাকিস্তানি সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়, যাতায়াতের রাস্তা এবং লজিস্টিক সহায়তা দিয়ে আসছিল। তদন্তকারীদের মতে, তারা গাইড বা পথপ্রদর্শকের কাজ করে দুর্গম পাহাড়ি পথ পার করিয়ে জঙ্গিদের কাশ্মীর উপত্যকার দিকে প্রবেশ করতে সাহায্য করত। এছাড়া, সাধারণ মানুষের ওপর হামলা সহ বেশ কিছু হাই-প্রোফাইল নাশকতায় তারা প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। ধৃতদের একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি আইইডি (IED) বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করেছে। এলাকায় বড় ধরনের আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য জঙ্গিরা ওই বিস্ফোরকটি তাদের কাছে জমা রেখেছিল বলে প্রাথমিক অনুমান।

