বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সঙ্গে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। অভিযুক্ত কনস্টেবল আগ্রায় কর্মরত। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাবালিকা পুলিশকে জানিয়েছে, সমাজমাধ্যম স্ন্যাপচ্যাটে ওই পুলিশকর্মীর সঙ্গে তার পরিচয় হয়। তার পরে ‘ঘনিষ্ঠতা’। নাবালিকার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত কয়েক মাসে বেশ কয়েক বার ওই পুলিশকর্মী তাকে ধর্ষণ করেছে। শুক্রবার নাবালিকা নিজেই মীরাটের কঙ্করখেড়া খানায় গিয়ে কনস্টেবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। দৌরালার সার্কল অফিসার শিব ঠাকুর জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অভিযোগ গুরুতর হওয়ায় পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছে। সার্কল অফিসার আরও বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাই করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। তার উপরে ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।’

