বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের আশ্রমে এই শিষ্যের মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত রহস্য। মৃতের নাম দীপক লোধি ওরফে রসিক দুলারি শরণ। ২৫ সেপ্টেম্বর গুরু কৃপা কুঞ্জ আশ্রমের চারতলা থেকে পড়ে মৃত্যু হয় ২৫ বছরের দীপকের। পুলিশ প্রাথমিক ভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করলেও ময়নাতদন্তে শরীরে একাধিক আঘাত এবং গোপনাঙ্গে কাটার চিহ্ন মেলায় তদন্তে নতুন প্রশ্ন উঠেছে। এ দিকে ঘটনার আগে তিন দিন ধরে আশ্রমে এলেও দীপকের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। তাতে আরও তুঙ্গে বিতর্ক। এ ছাড়া দীপকের ঘর থেকে রক্তের দাগ-লাগা একটি গ্রাইন্ডারও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফলে, দীপকের মৃত্যু আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে, তা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃত দীপক লোধি মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, ২০২৪ সাল থেকে তিনি বৃন্দাবনে থাকতেন এবং পরে প্রেমানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়ে ‘রসিক দুলারি শরণ’ নাম গ্রহণ করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, দীক্ষা নেওয়ার পর থেকেই দীপকের সঙ্গে তাঁদের যোগাযোগ অত্যন্ত কমে যায়। তাঁরা একাধিক বার আশ্রমে গিয়ে দেখা করতে চাইলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। পরিবারের দাবি, ‘শেষে তিন দিন ধরে আশ্রমের চক্কর কাটলেও দীপকের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।’ মৃতের পরিবারের আরও অভিযোগ, ২৫ সেপ্টেম্বর তাঁদের ফোন করে বলা হয়, দীপক পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরে তাঁরা রাত প্রায় ৩টে নাগাদ আশ্রমে পৌঁছন। কিন্তু সকাল আটটা পর্যন্ত তাঁদের স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। একইসঙ্গে আত্মীয়দের দাবি, তাঁদের আশ্রমের বাইরে বসিয়ে রাখা হয়েছিল, ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে সকাল ৯টা নাগাদ সেখান থেকে চলে যান তাঁরা। যদিও পরিবারের এই অভিযোগ নিয়ে আশ্রমের তরফে কোনও বিস্তারিত বক্তব্য এখনও সামনে আসেনি। দীপকের আত্মীয়দের দাবি, আশ্রম থেকে তাঁরা জানতে পেরেছেন, মৃত্যুর আগে দীপক কয়েকজনকে বলেছিলেন তাঁর সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে সেটা ঠিক কী ঘটনা তা তাঁরা স্পষ্ট জানতে পারেননি। পুলিশ জানিয়েছে, ২৫ সেপ্টেম্বরের CCTV ফুটেজে আশ্রমের চারতলার ছাদ থেকে দীপককে নীচে পড়ে যেতে দেখা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে আশ্রমের লোকজনই হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে অতিরিক্ত রক্তক্ষরণের কথা জানা গিয়েছে। পাশাপাশি শরীরের একাধিক জায়গায় আঘাত, হাড় ভাঙা এবং গোপনাঙ্গে কাটার চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। তবে এই আঘাতগুলি কী ভাবে এবং কখন হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। দীপকের ঘর থেকে উদ্ধার হওয়া গ্রাইন্ডারটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, ওই যন্ত্রের সঙ্গে গোপনাঙ্গে আঘাতের কোনও যোগ রয়েছে কি না। পাশাপাশি, আশ্রম ও আশপাশের CCTV ফুটেজ, দীপকের মোবাইল ফোন এবং ডায়েরিও পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সময়ে আশ্রমে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের বক্তব্য, CCTV-তে ছাদ থেকে পড়ার ঘটনা দেখা গেলেও মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, তা এখনও তদন্তসাপেক্ষ। পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
দীপক লোধির মৃত্যু নিয়ে রহস্য কেন –
- মৃত: দীপক লোধি ওরফে রসিক দুলারি শরণ
- বয়স: ২৫ বছর
- স্থান: বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রম
- ঘটনার তারিখ: ২৫ সেপ্টেম্বর
- প্রাথমিক ধারণা: পুলিশ প্রথমে আত্মহত্যার সম্ভাবনা খতিয়ে দেখে
- নতুন প্রশ্ন: ময়নাতদন্তে শরীরে একাধিক আঘাত ও গোপনাঙ্গে কাটার চিহ্ন
- পরিবারের অভিযোগ: তিন দিন আশ্রমে গিয়েও দীপকের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি
- উদ্ধার: দীপকের ঘর থেকে রক্তের দাগ-লাগা একটি গ্রাইন্ডার
- CCTV: চারতলার ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা ফুটেজে দেখা গিয়েছে বলে পুলিশের দাবি
- তদন্ত: CCTV, মোবাইল ফোন, ডায়েরি ও গ্রাইন্ডার ফরেন্সিক পরীক্ষার আওতায়
- বর্তমান অবস্থা: মৃত্যুর আগে কী ঘটেছিল, তা এখনও তদন্তাধীন

