আজ ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস ৷ সেই দিনটিতে এবার পাল্টা ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ হিসেবে পালন করল বিজেপি ৷ যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সঙ্গে মিলিয়ে, একই সময়ে নিজের বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যেখানে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিপদে তৃণমূল তথা রাজ্যের মুখ্য়মন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু ৷ অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে এক বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা বাংলায় বিজেপি তথা শান্তি প্রিয় বাঙালির অস্তিত্ব বিপন্ন করতে সচেষ্ট হয়েছে ৷ তিনি এও বলেন‘‘বাংলা থেকে উপড়ে ফেলতে যা করার, শুভেন্দু সব করবে…!’’ বিজেপির ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূলকে এমনই হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রাজ্য থেকে তৃণমূল সরকারকে সমূলে উপড়ে ফেলার ডাক দিলেন তিনি ৷ সেই সঙ্গে এ দিনের ভাষণে প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নন এমএলএ’ মুখ্য়মন্ত্রী হিসেবে উল্লেখ করে কটাক্ষ করে গেলেন নন্দীগ্রামের বিধায়ক ৷

