আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬০০ জন নিহত ও ৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার গভীর রাতে (স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে) এই কম্পন আঘাত হানে কুনার প্রদেশের একাধিক জনপদে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩ এবং এর উৎপত্তিস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। কুনার ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে

জানিয়েছে, নুর গুল, সোকি, ওয়াতপুর, মানোগি এবং চাপাদারে জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। আঘাতপ্রাপ্ত এলাকার মধ্যে নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত এই শহরটি প্রায় ৩ লাখ মানুষের আবাসস্থল। বাণিজ্যিক কারণে শহরটির গুরুত্ব অত্যন্ত বেশি, তবে শহর ও এর আশপাশের অধিকাংশ ভবন নিম্নমানের ইট ও কংক্রিট দিয়ে নির্মিত। গ্রামীণ এলাকাগুলোতে এখনো কাদামাটি ও কাঠের ঘরবাড়ি বহুল প্রচলিত। ফলে ধ্বংসযজ্ঞ আরও ভয়াবহ আকার ধারণ করেছে।