১ জুন থেকে মহিলাদের জন্য শুরু হল সরকারি বাসে বিনামূল্যে যাত্রা । আর প্রথমদিনেই কেমন সাড়া মিলছে এবং মহিলা যাত্রীদের এই পরিষেবা পেতে কোনও সমস্যা হচ্ছে কি না, তা নিজে সফর করে খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল । এদিন তিনি গড়িয়াহাট মোড় থেকে একটি সরকারি বাসে ওঠেন ৷ সেখান থেকে রুবির মোড় পর্যন্ত সরকারি বাসে সফর করেন মন্ত্রী ৷ আর অভিজ্ঞতা জানতে সেইসময় ওই বাসে সফরকারী মহিলা যাত্রীদের সঙ্গে কথাবার্তাও বলেন অগ্নিমিত্রা । এছাড়াও তিনি বাসের কন্ডাক্টরের সঙ্গেও কথা বলেন । এরপর মন্ত্রী বলেন, “আজ থেকে রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস সফর শুরু হয়েছে । বাংলার মা-বোনেরা বিনামূল্যে যাতায়াত

করতে পারবেন সরকারি বাসে ।” শহরের মধ্যে হোক বা দূরপাল্লার বাসেই হোক, মহিলারা একেবারে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন আজ থেকেই । মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আজ প্রথমদিন আমিও সেই আনন্দ নিলাম । বহু মহিলা এবং ভাইরাও বাসে ছিলেন । সবাই খুব খুশি । কারণ এটা তো কোনওদিন আগের বা তার আগের সরকার ভাবেনি । সরকারের কাছে হয়তো 50 বা 100 টাকাটা কিছু নয়, কিন্তু বাংলায় এমন বহু পরিবার আছে যাদের কাছে 50 বা 100 টাকা বাস ভাড়া দেওয়াটা খুবই কষ্টের । আজ এটা মুখ্যমন্ত্রী ভেবেছেন । এটা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল । বিজেপি যেই স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে । আমি আজ বাসে জিরো ব্যালেন্স টিকিট পেয়েছি । খুব ভালো লাগলো এবং মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ ।”


