কৌশিকী অমাবস্যা মানেই তারাপীঠে ভক্তের ঢল । মন্দির চত্বর থেকে শহরের অলিগলি, উৎসব ঘিরে কয়েক দিন ধরেই অন্য রকম ব্যস্ততা । সেই আবহেই এ বার মদ বিক্রি বন্ধ রাখার ব্যাপারে শাসকদলের বিধায়কের হুঁশিয়ারি ঘিরে ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ । ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে মদ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হলে বিরোধিতা করবে মদ ব্যবসায়ীদের সংগঠন । তাদের দাবি, বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে বৈধ মদ বিক্রি বন্ধ করে দিলে ব্যবসায়ীদের বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারের আবগারি রাজস্বেও বড় ধাক্কা লাগবে ৷ বুধবার তারাপীঠের একটি বেসরকারি হোটেলে মদ ব্যবসায়ীদের বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় । সেখানেই শাসকদলের বিধায়কের হুঁশিয়ারির প্রতিবাদ জানান রাজ্য ফরেন লিকার সিএস অন শপ ও হোটেল মালিক সমিতির রাজ্য সভাপতি গৌতম মুখোপাধ্যায় । ব্যবসায়ী সংগঠনের দাবি, কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে মদের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে যায় । উৎসবের প্রায় 10 দিন আগে থেকেই দোকানগুলিতে অতিরিক্ত মদ মজুত করতে শুরু করেন ব্যবসায়ীরা ।

শুধু ব্যবসায়িক ক্ষতির হিসাবেই থামছেন না মদ ব্যবসায়ীরা, বৈধ দোকান বন্ধ থাকলে তার সুযোগ নিয়ে বেআইনি কারবার বাড়তে পারে বলেও আশঙ্কা তাঁদের । গৌতমের দাবি, মদ বিক্রি বন্ধ থাকলে কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির মাধ্যমে চড়া দামে মদ বিক্রি করে মুনাফা করতে পারেন । একই সঙ্গে বাইরে থেকে নিম্নমানের বা নকল মদ ঢোকার আশঙ্কাও রয়েছে । তাঁর মতে, বৈধ বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে । তবে, ব্যবসায়ী সংগঠনের আপত্তি সত্ত্বেও মদ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা । তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সেটা কার্যকর হবেই । তাতে সরকারের রাজস্ব ক্ষতি হলে হবে ।”

মন্দির কমিটি সূত্রের খবর, 9 সেপ্টেম্বর সন্ধে থেকে কৌশিকী অম্যাবসা পড়বে ৷ অমবস্যা থাকবে 10 সেপ্টেম্বর সন্ধে পর্যন্ত৷ বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, অমবস্যার 24 ঘণ্টা আগে থেকেই অর্থাৎ 8 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত দোকান বন্ধ রাখার কথা বলা হচ্ছে ৷ যা নিয়ে কার্যত দু’টি মত স্পষ্ট । একদিকে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি ও রাজস্ব কমার যুক্তি, অন্য দিকে উৎসবের সময়ে মদ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত । তবে এ ব্যাপারে প্রশাসনিকস্তর থেকে দোকান বন্ধ রাখার ব্যপারে কোনও নোটিশ আসেনি বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা ৷ কিন্তু শাসকদলের বিধায়কের হুঁশিয়ারি ঘিরে তাঁরা আশঙ্কার মধ্যে রয়েছেন ৷ ফলে শেষ পর্যন্ত কৌশিকী অমবস্যাকে ঘিরে তারাপীঠে মদ বন্ধ থাকে কিনা, তা নিয়ে চরম অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে ৷