আবহাওয়া দফতর (আইএমডি) আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা । তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে । অন্যদিকে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে ৷

দক্ষিণবঙ্গ

আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে । তবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে । জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি অনুভূত হবে । সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে । মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় । বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ৷ বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা । বৃহস্পতিবার থেকে বর্ষণ কমার পূর্বাভাস ৷

উত্তরবঙ্গ

আজ রবিবার, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় । সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় । নিচের দিকের জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । বুধবার থেকে কমবে বৃষ্টি ।