নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির ফলে তৈরি হল এক ভয়াবহ প্রাকৃতিক পরিস্থিতি। দার্জিলিং জেলার মিরিকের রংভঙ নদীতে পাহাড় থেকে বিশালাকার ধস নেমে তৈরি হয়েছে একটি কৃত্রিম লেক। জলপ্রবাহ আটকে তৈরি হওয়া এই বিশালাকার জলাধার ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। প্রশাসন আশঙ্কা করছে, নতুন করে বৃষ্টি বা ধসের কারণে যদি ওই লেকের পাড় কোনও ভাবে ফেটে যায়, তবে তা থেকে মিরিকের নীচের দিকে তীব্র বেগে হড়পা বান বয়ে আসবে। যার ফলে নকশালবাড়ি, কার্শিয়াং বনাঞ্চল এমনকি সমতলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে চরম ক্ষয়ক্ষতি হতে পারে। অন্যদিকে সিকিমের চুংথাং ও সংলগ্ন থেং টানেল এলাকাতেও নেমেছে মারাত্মক ধস। তিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনদী চেকং নদীর ওপর বিপুল পরিমাণ পাথরের চাঁই ও মাটি আছড়ে পড়ে স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হয়েছে। থেং টানেলের ঠিক উল্টো দিকে তিস্তা এবং ছিয়াকুং নদীর মিলনস্থলেও মাটি জমা হয়ে কৃত্রিম বাধার সৃষ্টি হয়েছে, যেখান থেকে ক্রমাগত ঘোলা জল লোকালয়ে গড়াচ্ছে।

