জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক সম্পূর্ণ। শুক্রবার মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করেছে ‘দুর্গা’। জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ। প্রথম টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ তার কাজ শেষ করেছে। প্রসঙ্গত, এক বছর আগে টানেল খোঁড়ার কাজ শুরু করেছিল ‘দুর্গা’। আজ, কলকাতা মেট্রোর ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত হল। টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ সফলভাবে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে ব্রেকথ্রু সম্পন্ন করেছে। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত, নেপালের কনসাল জেনারেল, কলকাতা পুরসভার কমিশনার, হাওড়ার পুলিশ কমিশনার, মেট্রো রেল, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল), এলঅ্যান্ডটি-সহ প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট অতিথিরা।
শুক্রবার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে এই ঐতিহাসিক ব্রেকথ্রু সম্পন্ন হয়। এর মাধ্যমে ২০২৫ সালের ১০ জুলাই খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত যে সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হয়েছিল, তার একটি গুরুত্বপূর্ণ পর্ব সফলভাবে শেষ হল। টিবিএম ‘দুর্গা’-র এই সফল ব্রেকথ্রু প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার প্রকৌশল দক্ষতা, নিখুঁত পরিকল্পনা, সমন্বিত দলগত প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত। এই সাফল্য কলকাতার নগর পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

