কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট জমা করল ইডি৷ শান্তনুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ল ইডি বিশেষ আদালতে৷ ১১৪ পাতার মূল চার্জশিটে শান্তনুর বিরুদ্ধে এখনও পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগের কথা চার্জশিটে উল্লেখ করেছে ইডি৷ চার্জশিটে ইডির উল্লেখ, তদন্তে সহযোগিতা করেননি শান্তনু সিনহা বিশ্বাস। বাকি অর্থের সন্ধানে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আয়ের সঙ্গে ব‍্যয়ের সঙ্গতি মিলছে না। নির্মাণকারী, পুলিশ ও দুষ্কৃতীদের সিন্ডিকেট সমন্বয়ে চলেছে জমি দখল ও বেআইনি কার্যকলাপ সংক্রান্ত তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এর আগে জয় কামদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। তাতে প্রায় ৪৭ কোটি টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে জয় কামদারের বিরুদ্ধে৷

জয় কামদারের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে আগেই

জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি-সম্পত্তি দখল এবং সেই জমিতে অবৈধ নির্মাণের মামলায় হেফাজতে থাকা নির্মাণ ব্যবসায়ী জয় কামদারের বিরুদ্ধে গত ১৮ জুন চার্জশিট পেশ করেছে ইডি। বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে ৭৭ পাতার চার্জশিট এবং প্রায় দু’হাজার পাতার নথি জমা দেওয়া হয়েছিল। চার্জশিটে মামলার তদন্তকারী অফিসার উল্লেখ করেছিলেন, পুলিশের একাংশ ও বিভিন্ন এলাকার সমাজবিরোধীদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে ২০২২ সাল থেকে জমি দখল ও অবৈধ নির্মাণ চালিয়েছিল জয়।