সংক্রমণ ঠেকাতে পৌরসভার বাকি ২৭ টি ওয়ার্ডেও কড়া লকডাউনের পথেই হাঁটল পৌরসভার প্রশাসক বোর্ড

উত্তর ২৪ পরগণাঃ সংক্রমণ রুখতে এবার লকডাউনের পরিধি বাড়ানো হল উত্তর ২৪ পরগণা জেলাসদর বারাসতে। এখন বারাসত পৌরসভার 8 টি ওয়ার্ডের একাংশ লকডাউনের আওতায় রয়েছে। যেগুলো আবার রাজ্য সরকারের তরফে কনটেনমেন্ট জো়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে । কিন্তু,বাকি ওয়ার্ডগুলোর বাজার, দোকানপাট-সহ সমস্ত কিছু সচল থাকায় ভিড় কিছুতেই এড়াতে যাচ্ছিল না। যার ফলে সংক্রমণের আশঙ্কাও ক্রমশ বাড়ছিল। তাই,সংক্রমণ ঠেকাতে পৌরসভার বাকি ২৭ টি ওয়ার্ডেও লকডাউনের পথেই হাঁটল পৌরসভার প্রশাসক বোর্ড । তবে তা হবে সময়ভিত্তিক। আজ সর্বদলীয় বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সর্বসম্মতভাবে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে,আগামী বৃহস্পতিবার থেকে সাতদিনের জন্য বারাসত শহরে এই লকডাউন জারি হবে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত বাজার,দোকানপাট খোলা থাকবে। দুপুর একটার পর জরুরি পরিষেবা ছাড়া কোনও কিছুই খোলা রাখা যাবে না। তবে,বন্ধ থাকবে পান,বিড়ি ও চায়ের দোকান। লকডাউনের আগে ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করতে পৌরসভার তরফে চলবে প্রচারও। এর পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে বারাসতের মানুষের স্বার্থে সেফ হোম ও কোভিড হাসপাতাল চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউন বাড়ানো হবে কিনা তা পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।