কলকাতাঃ গতকালের নবান্ন অভিযানের নামে তান্ডবের পর আজ শুক্রবার শান্তির খোঁজে ফের রাজপথে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার রাজ্য পুলিশ তাঁদের কর্মীদের যথেচ্ছভাবে মেরেছে এই দাবিতে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্য সদর দফতর থেকে গান্ধিমূর্তি পর্যন্ত মৌন মিছিল করবেন বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, হাতে মোমবাতি নিয়ে এই মিছিল হবে। মিছিলের নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। তবে এই মিছিলে সৌমিত্র খান কিংবা অন্য কোনও মুকুল শিবিরের নেতা থাকবেন কিনা তা স্পষ্ট নয়। যদিও গতকাল যুবমোর্চার মিছিলে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সৌমিত্র, অর্জুন, নিশীথ-সহ মুকুল শিবিরের নেতারা। যদিও সায়ন্তন, রাজু কিংবা লকেটের মতো নেতারাও ছিলেন। কিন্তু তাঁরা ছিলেন অনেকটাই স্তিমিত। এদিনের এই কর্মসূচির ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। ফলে মনে করা হচ্ছে দিলীপ শিবিরের নেতাদের আধিক্য থাকবে এদিন। তবে পুলিশ ও প্রশাসন ছাড়পত্র দিয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। তবে প্রশাসন সূত্রের খবর, একটি সামান্য মৌন মিছিলের ছাড়পত্র না দিয়ে গেরুয়া শিবিরকে রাজনৈতিক সুবিধা দেওয়ার পক্ষপাতি নয় কেউই। সেই কারণেই কড়া প্রহরায় এই মিছিল করতে দেওয়া হতে পারে।
গতকালের নবান্ন অভিযানের নামে তান্ডবের পর আজ বিকেলে শান্তির খোঁজে রাজপথে বঙ্গ বিজেপি
Byবঙ্গনিউজ
Oct 9, 2020
