বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জেলায় জেলায় নাকা চেকিং বাড়িয়েছে পুলিশ। শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের কাছে একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ইকোপার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে অভিযান চালায়। একটি অ্যাপ ক্যাব আটকে তল্লাশি করা হয়। পুলিশ সূত্রে খবর, সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। সুরেশ গুজরাটের বাসিন্দা। তল্লাশিতে ওই গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। টাকার উৎস সম্পর্কে সঠিক প্রমাণ বা কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে সুরেশ ঠাকুরকে।