নির্বাচনী প্রচারে যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বিদায়ী মন্ত্রী তথা বিনপুরের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার কনভয়। শুক্রবার রাতে উলুবেড়িয়া থানার বীরশিবপুর উড়ালপুলের ওপর দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন মন্ত্রী, তবে তাঁর কনভয়ে থাকা পুলিশের পাইলট কারটি একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারায় দুই পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। দলীয় সূত্রে খবর, শুক্রবার রাতে ঝাড়গ্রাম থেকে সড়কপথে কলকাতায় একটি নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বীরবাহা হাঁসদা। রাত বারোটা নাগাদ বীরশিবপুর ফ্লাইওভারের কাছে কনভয়ের সামনে থাকা পুলিশের পাইলট কারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় পুলিশের গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI) এবং একজন কনস্টেবল আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মন্ত্রী বীরবাহা হাঁসদা নিজে। সেখানে আসেন মন্ত্রী পুলক রায় এবং উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর মন্ত্রী বীরবাহা হাঁসদা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

