মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে দিকে-দিকে পথে নেমেছে বিজেপি। মুর্শিদাবাদে হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নেমেছে পদ্মশিবির। ভবানীপুর, হাওড়া, বালুরঘাট সহ একাধিক জায়গায় শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তাঁরা। এ দিন, ভবানীপুরের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, আত্মরক্ষার স্বার্থে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র  তুলে দেওয়া হোক বর্ডার এলাকার গ্রামবাসীদের হাতে। তাহলেই বাঁচবে সকল হিন্দুরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নেবেন না। লাগবে না সরকারের টাকা। আমরা বানিয়ে দেব। নতুন করে গড়ে দেব ভেঙে ফেলা মন্দির হিন্দুদের বাড়ি। তিনি এও বলেন, আমাদের এই মিছিলের স্লোগান একটাই, ‘হিন্দু বাঁচাও, মমতা ভাগাও।’ চাপদানি থেকে মুর্শিদাবাদ সব ঘটনা পরিকল্পিত। মুর্শিদাবাদের হিংসা একটা জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। এটা দেখা গিয়েছে আফগানিস্থানে। আমাকে এমনি ঢুকতে দেয় না ওইখানে। হাইকোর্ট যেতে হয়। ওদের বন্ধু সেলিম যায়। ওদের বি টিম শুভঙ্কর যায় বাধা নেই। বিজেপি হলেই সমস্যা।