banganews.net

ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ৷ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ১১ জন গুরুতর আহত ৷ শনিবার সকালে হিমাচল প্রদেশের তিসা-বৈরাগড় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ৷ জানা গিয়েছে, বেসরকারি ওই যাত্রীবাহী বাসটি বৈরগড় থেকে চম্বার দিকে যাচ্ছিল ৷ দেবীকোঠির কাছে চালুজ মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে ছিটকে অন্য রাস্তায় গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ পুলিশকেও খবর দেন স্থানীয়রা ৷ প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধার অভিযান শুরু করেন। খবর পেয়ে পুলিশ, দমকল এবং জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ দ্রুত উদ্ধারকাজ শুরু করে প্রশাসন ৷ উদ্ধার অভিযানের সময়ই তিনটি দেহ উদ্ধার করা হয় ৷ তবে, বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভিতরে আটকে পড়াদের বের করে আনা কঠিন হয়েছিল। উদ্ধার অভিযান দ্রুত করার জন্য দুটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে নিয়ে আসা হয় ৷ এরপরই ভিতরে আটকে পড়া সকলকে বের করে আনা সম্ভব হয়েছে। ততক্ষণে ঘটনাস্থলেই আরও চারজনের মৃত্যু হয় ৷ বাস থেকে 11 জন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য তিসা হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। চুরার এসডিএম রাজেশ কুমার জারিয়াল বলেন, “দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার জন্য তাঁদের তিসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিসায় প্রাথমিক চিকিৎসা হওয়ার পর 11 জন আহতের মধ্যে ছয়জনকে চম্বা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।” প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি বাসটি এদিন সকাল সাড়ে ছ’টায় বৈরাগড় থেকে চম্বার উদ্দেশে রওনা হয়েছিল। মাত্র তিন কিলোমিটার যাওয়ার পরেই চালুজ মোড়ের কাছে একটি খাদে সোজা গড়িয়ে পড়ে ৷ নীচের আরেকটি রাস্তায় গিয়ে দুমড়ে মুচড়ে গিয়ে পড়ে ৷ তবে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রশাসন আহত ও নিহতদের নামের তালিকাও প্রকাশ করেছে এদিন।