মঙ্গলবার দুপুরে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু কালীঘাটে তৈরি হলো নজিরবিহীন রাজনৈতিক নাটক। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে (৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট) আচমকাই হানা দিল সিআইডি (CID raid)। শুধু সিআইডি নয়, তাদের সঙ্গে ছিল পুলিশ। ঘণ্টাখানেকের তীব্র বাদানুবাদের পর অবশেষে কার্যালয়ের অন্দরমহলে প্রবেশ করলেন তদন্তকারীরা। অভিযোগ, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে পাঠানো তৃণমূল বিধায়কদের সই করা একটি চিঠিতে বড়সড়ো জালিয়াতি হয়েছে। যে বৈঠকে ওই সই সংগ্রহ করা হয়েছিল, তা হয়েছিল কালীঘাটের এই কার্যালয়েই। সেই বৈঠকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাই করতে মঙ্গলবার দুপুরে সিআইডি-র একটি দল সেখানে পৌঁছায়। বাসে করে আনা হয়েছিল মহিলা পুলিশ কর্মীদেরও।