banganews.net

দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় নেমেছেন। ছাত্রছাত্রীদের প্রতিবাদের আঁচ এতটাই তীব্র যে, বৃহস্পতিবার মাঝ রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা দিতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কলকাতাও সাক্ষী থাকলো সেই ছাত্র আন্দোলনের। ভারতের ছাত্র ফেডারেশন ও বাম ছাত্র সংগঠনের ডাকে শুক্রবার, ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হেঁটেছেন বহু পড়ুয়া। সঙ্গে ছিলেন ককরোচ জনতা পার্টির সদস্যরাও। শিয়ালদহ থেকে দুপুর ৩টে ১০ মিনিটে মিছিল শুরু হয়। পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে সেই আন্দোলনে অংশ নেন শহরের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীরা। তাঁদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সেই দাবিতে শুক্রবার রাত জাগো কর্মসূচিরও ডাক দিয়েছে ছাত্রদের সংগঠন।