কলকাতাঃ অসুস্থ হয়ে জানুয়ারি মাসের শুরুর দিকেই হাসপাতালে ভর্তি করানো হয় প্রতুল মুখোপাধ্যায়কে। তিনি এসএসকেএমে ভর্তি আছেন উডবার্ন ওয়ার্ডে। বর্তমানে গায়ক তথা গীতিকার, সুরকার অনেকটাই ঠিক আছেন। হাসপাতাল সূত্রে খবর শিল্পী বার্ধক্যজনিত সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণে ভুগছেন। তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। যে অবস্থায় তাঁকে এই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেই তুলনায় অনেকটাই ঠিক ভালো আছেন। প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে এদিন হাসপাতালে ছুটে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁর স্বাস্থ্য নিয়ে। হাসপাতালে শিল্পীর কেবিনে দীর্ঘক্ষণ সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতুল মুখোপাধ্যায়ের মতো একজন জনপ্রিয়
শিল্পীর অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। কামনা করেছেন দ্রুত আরোগ্যর। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর সুস্থতার লক্ষণ, যে হাসপাতালের শয্যায় বসেই গলা ছাড়লেন, ‘আমি বাংলায় গান গাই’। প্রতুলের যে গান শুনলেই বাঙালির হৃদয় ভরে যায়,সেই গানই তিনি গাইলেন হাসপাতালের বিছানায় বসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গানের ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখলেন, ”শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে আমি বাংলায় গান গাই বরাবরই এক দারুণ অভিজ্ঞতা। এসএসকেএমে তাঁকে দেখতে গিয়ে সেই কণ্ঠ শুনে মন ভরে গেল আনন্দে। শিল্পী ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এটা সত্যিই খুশির খবর। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”প্রসঙ্গত তাঁর কণ্ঠে আমি বাংলায় গান গাই গানটি দারুণ জনপ্রিয়।

