পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুভেন্দুকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন৷ এ ছাড়াও উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ শপথগ্রহণ অনুষ্ঠানে গেরুয়া পাঞ্জাবিতে শুভেন্দু। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ২১ রাজ্যের মুখ্যমন্ত্রী ও একাধিক রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী-সহ বহু বিশিষ্ট নেতারা এসেছেন। শুভেন্দু অধিকারী ছাডা়ও এ দিন মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু৷ এ দিন সকালে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রথমে স্বাগত জানান শুভেন্দু অধিকারী৷ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সঙ্গে রেসকোর্সে পৌঁছন শুভেন্দু অধিকারী৷ সেখান থেকে গাড়িতে তাঁরা পৌঁছন ব্রিগেড প্যারেড ময়দানে৷ হুডখোলা গাড়িতে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে জনতার মাঝখান দিয়ে মঞ্চের কাছে পৌঁছন শুভেন্দু অধিকারী৷

