ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল ফটকের সামনে অবস্থিত বিতর্কিত ও ‘অদ্ভুত’ আকৃতির মূর্তিটি বর্তমান রাজ্য সরকারের তরফে ভেঙে ফেলা হল। গত ১৭ মে ডার্বি ম্যাচ চলাকালীন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক স্টেডিয়াম পরিদর্শন করে মূর্তিটি সরানোর এই সিদ্ধান্ত ঘোষণা করেন। শনিবার নির্দেশ মতো সেই মূর্তি সরিয়ে দেওয়া হল। স্টেডিয়ামের ভিভিআইপি গেটের সামনে একটি কাটা পায়ের ওপর ফুটবল এবং অন্যান্য বিভ্রান্তিকর নকশার এই মূর্তিটিকে অশোভন ও অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে। শুধু ক্রীড়ামন্ত্রী নয়, বাংলার তিন প্রধানের সমর্থকরাও জানিয়েছেন এই মূর্তিটির কী অর্থ তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারেননি। ডার্বি দেখতে এসে নিশীথ প্রামাণিক বলেছিলেন, ‘এরকম অদ্ভূত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল । আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছে । তারপর মেসি কাণ্ড হল, সরকার চলে গেল ।’ পুরোনো এই কাঠামোটি ভেঙে ফেলার পর, তার জায়গায় কোনো বিখ্যাত ফুটবলারের মূর্তি বা ভাস্কর্য বসানো হতে পারে বলে রাজ্য সরকারের তরফে। ফুটবল প্রেমিদেরও তেমনই দাবি। এর আগে যুবভারতীতে যেখানে যেখানে বিশ্ববাংলার লোগো ছিল তা সরিয়ে অশোক স্তম্ভ বসানো হয়েছে।

