পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার চাকরি মেয়াদ আরও 6 মাস বাড়ল ৷ এপ্রিল মাসের 30 তারিখ তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৷ এবার আরও 6 মাস তিনি পদে থাকবেন ৷ আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর রাজ্য পুলিশের তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে সিদ্ধনাথকে পদে বহাল করা হয় ৷ সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জারি হওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ক্যাবিনেটের নিয়োগ কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব মেনে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার চাকরির মেয়াদ 6 মাস বাড়িয়ে দিয়েছে ৷” তিনি 1992 ব্যাচের আইপিএস অফিসার ৷ ডিজি’র পাশাপাশি তিনি রাজ্য পুলিশের আইজি’র দায়িত্বও পালন করছেন ৷ জনস্বার্থে এবং প্রশাসনিক প্রয়োজনের কথা বিবেচনা করে তাঁর চাকরির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। অল ইন্ডিয়া সার্ভিস সংক্রান্ত নিয়মাবলির নির্দিষ্ট ধারায় শিথিলতা দেখিয়েই মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্য় প্রশাসনের একাধিক শীর্ষস্তরে রদবদল করা হয়েছে ৷ প্রথম থেকেই রাজ্য সরকার বলে আসছে এই রদবদলের ব্যাপারে তাদের সঙ্গে কোনও আলোচনাই করছে না কমিশন ৷ এই মর্মে একাধিক মামলাও দায়ের হয়েছে ৷ রাজ্যের যে সমস্ত আধিকারিককে সরানো হয়েছে তাঁদের অনেককে ভিন রাজ্যে নির্বাচনের কাজে পাঠানো হয়েছে ৷ এ নিয়ে আপত্তি করেও দায়ের হয়েছে মামলা ৷ তৃণমূল এবং রাজ্য় সরকারের অভিযোগ, এভাবে আধিকারিকদের সরিয়ে দিলে রাজ্য প্রশাসন পরিচালনা করা কঠিন হয়ে পড়রে ৷ সরাসরি প্রভাবিত হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ৷ এই প্রসঙ্গে একাধিক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে কমিশন যেভাবে আধিকারিকদের সরিয়ে দিয়েছে তারপর আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা হলে তার দায় তাঁদের সরকারের নয় ৷ এমনই আবহে মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার ঘটনা ঘটে ৷ এদিকে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট বারবার জানিয়েছে, পুলিশ ও প্রশাসনের কোনও আধিকারিককে রদবদল করার ব্যাপারে রাজ্যের সঙ্গে আলোচনা করতে কমিশন বাধ্য় নয় ৷