নিজের নির্বাচনী বিধানসভা কেন্দ্র ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রচারে গিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত ভাবে’ মাইক বাজানোর অভিযোগ এনেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে এবিষয়ে কমিশনে অভিযোগও জানায় তৃণমূল৷ সোমবার বিকেলের সাংবাদিক বৈঠকে এবার চক্রবেড়িয়ার ঘটনা প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়া জানাল নির্বাচন কমিশন৷ এদিন কমিশনের তরফে জানানো হয়, ‘‘ভবানীপুরের চক্রবেড়িয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং চলাকালীন বিজেপি-এর তরফে যে মাইকিং করা হয়েছে, তা নিয়ে দক্ষিণ কলকাতার deo-এর রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে কেউ মিটিং করবেন যখন, তখন পাল্টা মাইকিং করবে, এটা তো ঠিক নয়।’’ গত শনিবার ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রচারসভা ছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু, মঞ্চে উঠে কথার বলা শুরু করার আগেই তিনি মাইক বাজানো নিয়ে উষ্মাপ্রকাশ করেন৷ তারপরে ফোনও করেন৷ তারপরে ভবানীপুরে সভা না করেই ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ চক্রবেড়িয়ার সভা মঞ্চে উঠেও নেমে যান তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আগে থেকে অনুমতি থাকা সত্ত্বেও তাঁর সভাস্থলের কাছে বিজেপি-র সভার মাইক বাজানো হচ্ছে৷ এই ভাবে সভার কাজ করা সম্ভব নয় বলেই মঞ্চ থেকে নেমে যান ক্ষুব্ধ মমতা৷