তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ বুধবার ইডি’র তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ তারা জানিয়েছে, আর্থিক তছরুপ বিরোধী আইনের (পিএমএলএ) আওতায় তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ৷ ওই অ্যাকাউন্টগুলিতে তৃণমূলের 440 কোটি টাকা জমা ছিল ৷ এই নিয়ে অবশ্য এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ উল্লেখ্য, তহবিল তছরুপের অভিযোগে আগেই তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি ৷ তার পরই এই সিদ্ধান্ত ৷ ইডি-র তরফে এই নিয়ে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-র 17(1এ) ধারার অধীনে এই আদেশগুলো জারি করা হয়েছে । এই ধারা ইডি-র একজন আধিকারিককে কোনও সম্পদ (যেমন—ব্যাঙ্কে জমা অর্থ) ফ্রিজ করার ক্ষমতা দেয় ৷ সেই সম্পত্তি যদি সরাসরি বাজেয়াপ্ত করা বাস্তবসম্মত হয় না, অথচ ওই সম্পদের হস্তান্তর বা অন্য কোনও ধরনের লেনদেন বন্ধ করা জরুরি হয়, তখন তা ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এক্ষেত্রে সেটাই করা হয়েছে ৷ এই ধরনের আদেশকে পিএমএলএ-র অ্যাডজুডিকেটিং অথরিটির তরফে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনুমোদন করতে হয় ।

