চলন্ত বাসে ভয়াবহ আগুন। প্রাণ বাঁচাতে কেউ কেউ বাসের জানলা দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেন। বৃহস্পতিবার রাতে এমনই ভয়াবহ দৃশ্য দেখা গিয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে একটি যাত্রীবাহী বেসরকারি বাস। কলকাতা থেকে হাওড়াগামী লেন ধরে যাচ্ছিল বাসটি। দ্বিতীয় হুগলি সেতু ও টোল প্লাজার মাঝে এই ঘটনা ঘটে। বৃষ্টিভেজা দ্বিতীয় হুগলি সেতুতে তীব্র যানজট তৈরি হয়। তড়িঘড়ি ছুটে আসে কর্তব্যরত পুলিশ। দমকল কর্মীরা এসে একাধিক পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কী ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছেছে৷ ব্রিজের উপর থেকে আগুন ছিটকে পড়ে ব্রিজের নিচে কয়লা ডিপোতেও আগুন ছড়িয়ে পড়েছে৷