banganews.net

জম্মু ও কাশ্মীরের পির পাঞ্জাল অঞ্চলের পুঞ্চ ও রাজৌরি জেলায় মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে ১১ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, পুঞ্চের সুরানকোটের একটি প্রত্যন্ত গ্রাম এবং রাজৌরি জেলা থেকে উদ্ধার করা হয়েছে তাঁদের দেহ ৷ ৭ জনের কোনও খোঁজ মিলছে না ৷ তাঁরা জলের তোড়ে ভেসে গিয়েছেন বলে মনে করছে প্রশাসন ৷ দু’বছরের সোফিয়ান ইয়াসারসহ মৃত পাঁচজনকে শনাক্ত করা গিয়েছে ৷ সাংলায় বাড়ি ভেসে যাওয়ায় একই পরিবারের চার সদস্য়ের খোঁজ মিলছে না বলে জানিয়েছে প্রশাসন ৷ রাজৌরি জেলার বেলা কলোনিতে হড়পা বানের তোড়ে ভেসে যাওয়া এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন ৷ আরও কয়েকটি জায়গাতেও শুরু হয়েছে উদ্ধারপর্ব ৷ আবহাওয়া দফতর কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া ও হড়পা বানের পূর্বাভাস দেওয়ায় জম্মু ও কাশ্মীর সরকারও সতর্কতা জারি করেছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স

banganews.net

হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, বৃষ্টি ও হড়পা বানের কারণে যাঁদের সম্পত্তি নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের সবরকম সাহায্য করবে সরকার ৷ রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন ওমর ৷ জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সফর কাটছাঁট করে রবিবার বিকেলেই জম্মু রওনা হচ্ছেন তিনি ৷ পরিস্থিতি নিয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমরের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি সবরকম সাহায্য করার কথা জানিয়েছেন ৷ জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হয়েছে ৷ উপত্যকার অন্য অংশে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ৷ আপাতত পরিস্থিতিতে বড় একটা বদল নেই ৷ আবহাওয়া দফতর 19 থেকে 23 জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। ফলে পীর পাঞ্জাল পর্বতমালা এবং কাশ্মীরের উঁচু এলাকা অনন্তনাগ, পহেলগাম, কুলগাম, শোফিয়ান, গুলমার্গ, সোনমার্গ-জোজিলা অক্ষ, বান্দিপোরা-রাজদান পাস এবং কুপওয়ারা-সাধনা পাসে ধস, আকস্মিক বন্যার মতো ঘটনার আশঙ্কা বাড়ছে ৷