banganews.net

পেটে ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়ার কারণে তাঁর পেটে সমস্যা তৈরি হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই পেটে ব্যথায় ভুগছিলেন তিনি। সেই সমস্যা বাড়তে থাকায় চিকিৎসকদের পরামর্শে শুক্রবার হাসপাতালে ভর্তি হন মীরা। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেই সমস্ত পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। শনিবার তাঁর কোলনোস্কোপি করা হবে। কোলনোস্কোপির রিপোর্ট এবং ইতিমধ্যে করা অন্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী চিকিৎসার দিক নির্ধারণ করবেন চিকিৎসকেরা। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে মীরা ভট্টাচার্যের পরিচয় শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ব ভট্টাচার্যের স্ত্রী হিসেবে নয়। সমাজসেবী হিসেবেও দীর্ঘদিন ধরে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে সরব হতে দেখা গিয়েছে। বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রতিবাদ জানানো থেকে শুরু করে আন্দোলনের মিছিলে অংশ নেওয়া—একাধিক ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিয়েছেন তিনি। সরাসরি কোনও রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা না গেলেও বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনে তাঁর উপস্থিতি নজরে এসেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্কও শুধুমাত্র স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দু’জনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। দীর্ঘ দাম্পত্য জীবনের পাশাপাশি একে অপরের অত্যন্ত কাছের বন্ধু ছিলেন তাঁরা। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় সেই সম্পর্কের আবেগঘন ছবি সামনে এসেছিল। 2024 সালের 8 আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একাই থাকতে শুরু করেন মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই থাকছিলেন তিনি। সেই সময় তাঁর নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তী সময়ে তাঁর জন্য 24 ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা পুনরায় চালু করা হয়। তৃণমূল সরকারের সময় উঠে যাওয়া নিরাপত্তা বাহিনী আবারও ফিরিয়ে দেয় বিজেপি সরকার। নিরাপত্তা ব্যবস্থা ফিরে পাওয়ার পর বর্তমান সরকারকে ধন্যবাদও জানিয়েছিলেন মীরা ভট্টাচার্য।

বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর জনজীবন থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিলেও সামাজিক বিভিন্ন বিষয়ে তাঁর অবস্থান ও মতামত বরাবরই গুরুত্বপূর্ণ হয়ে থেকেছে। সেই মীরা ভট্টাচার্যই এবার পেটের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। শনিবার কোলনোস্কোপি এবং অন্যান্য পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন চিকিৎসকেরা। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।