রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিজেদের মতো যা করার করছে। লোকভবন (রাজভবনের বর্তমান নাম)-ও নিজের মতো করে দায়িত্ব পালন করবে। নাগরিকদের সহায়তা দেবে। মঙ্গলবার সমাজমাধ্যমে বিবৃতি জারি করে এমনটাই জানাল লোকভবন। লোকভবনের বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে প্রাক-ভোট এবং ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক জনপ্রতিনিধিই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন সম্প্রতি। সেই জনপ্রতিনিধিরা এমন মানুষদের কথা রাজ্যপালের কাছে তুলে ধরেছেন, যাঁরা আগের নির্বাচনগুলিতে হিংসার শিকার হয়েছেন। ভোটের সময় সেই ‘লাগামহীন হিংসা’ বন্ধ করতে এ বার যেমন কমিশন যথার্থ পদক্ষেপ করছে, তেমনই রাজ্যপালও সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই কারণেই রাজ্যে সকল নাগরিকের জন্যই হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। ২৪ ঘণ্টাই খোলা থাকবে ওই নম্বর।

নাগরিকদের উদ্দেশে লোকভবনের বার্তা, ভোটের সময় কোথাও কেউ কোনও রকম অনিয়ম বা অবৈধ কার্যকলাপের শিকার হলে বা এই ধরনের ঘটনা কারও নজরে এলে, তা অবিলম্বে জানানো হোক। লোকভবন জানিয়েছে, তাদের লক্ষ্য প্রতিটি নাগরিকের ভোটাধিকার রক্ষা করা। গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ।