বৃষ্টি যেন পিছু ছাড়ছে না! শ্রাবণ মাসের জুড়েই বৃষ্টি চলছে বঙ্গজুড়ে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির ঝাপটা বেশি। কারণ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থিত। ফলে ভিজছে পাহাড়। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা ফিরোজপুর, চণ্ডীগড় হয়ে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে হিমালয়ের পাদদেশ হয়ে আরও এগিয়েছে এবং উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্য বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে রয়েছে। এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর ফলে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বৃষ্টি হতে পারে। পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মিলিয়ে বজ্রপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া (30-40 কিসোমিটার/ঘণ্টা বেগে) বইতে পারে। শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর দফায় দফায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কলকাতা ও সংলগ্ন অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস
বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.07 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.03 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ সর্বনিম্ন 82 শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার উত্তরবঙ্গের ওপরের চারটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির (7-11 সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রায় সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ওপরের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (7-11 সেন্টিমিটার) হতে পারে। বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । রবিবার ওপরের তিন জেলা কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির (7-11 সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলায় বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (7-20 সেন্টিমিটার) দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং ও কোচবিহারে এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির (7-11 সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে । বাকি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

