আরজি কর-কাণ্ডের এক বছর পূর্তিতে শনিবার নবান্ন ও কালীঘাট অভিযানের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন । তবে এই কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সুনির্দিষ্ট ভাবে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে । আদালতের সেই নির্দেশ মেনেই আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ কিছু ব্যবস্থা নিচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ ৷ পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নবান্ন বা কালীঘাটে অভিযান করা যাবে না ৷ এজন্য বেছে দেওয়া হয়েছে দুটি বিকল্প জায়গা ৷ শনিবার নবান্ন অভিযানের জন্য সরকারের তরফ থেকে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডকে চিহ্নিত করা হয়েছে । পাশাপাশি কলকাতার জন্য রানি রাসমণি অ্যাভিনিউকে চিহ্নিত করা হয়েছে বলে জানান এডিজি দক্ষিণবঙ্গ । অর্থাৎ পুলিশের তরফ থেকে আজ বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয় যে, তারা হাইকোর্টের নির্দেশ অনুসারে দুটি বিকল্প জায়গা বেছেছে এবং সেখানেই মিটিং মিছিল কিংবা অন্যান্য কর্মসূচিগুলি পালন করতে হবে । এর অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ আজ ভবানীভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, “মাননীয় হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, নবান্ন অভিযানকে কেন্দ্র করে কোনও রকমের সরকারি সম্পত্তিহানি, সম্পত্তি নষ্ট কিংবা কোনও হিংসার ঘটনা সম্পূর্ণ বেআইনি । এই অভিযান করা যেতেই পারে, তবে তা করতে হবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে । সরকারি সম্পত্তি নষ্ট কিংবা পুলিশকে মারধর সংক্রান্ত কোনও রকমের হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না ।” এছাড়াও তিনি আরও বলেন, “যেহেতু নবান্ন একটি হাইসিকিউরিটি জোন, ফলে সেখানে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 163 ধারা জারি করা হয়েছে । এটি হাওড়া পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠির তরফ থেকে জারি করা হয়েছে । আদালতের নির্দেশ অনুযায়ী, এই মিটিং মিছিলের জন্য রাজ্য সরকার চাইলে বেশকিছু বিধিনিষেধ এবং আইনি ব্যবস্থা অবলম্বন করতে পারে । ফলে আমরা তাই করছি ৷” এদিন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেন, “প্রথম থেকেই নবান্ন অভিযান সম্পর্কে আমরা সামাজিক মাধ্যম এবং খবরের চ্যানেল মারফত জেনেছি । কোনও সংগঠক আমাদের সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করেনি । এর আগের বছর যে সকল সংগঠকদের নাম পরিচয় আমরা পেয়েছিলাম, তাদেরকেই এবারে আমরা চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছি । আর যাদের নাম পরিচয় আমরা পাইনি, তাদেরকে সংবাদমাধ্যমের তরফ থেকে এই বিষয়টি জানিয়ে দিলাম । তবে আগেরবার যারা বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তেমন বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং তারাও বলেছে যে এবারের কর্মসূচিতে তারা অংশ নিচ্ছে না ।”
নবান্ন বা কালীঘাটে অভিযান নয় ! বিকল্প ২ জায়গা বেছে দিল কলকাতা ও রাজ্য পুলিশ
Byবঙ্গনিউজ
Aug 8, 2025
