রাজ্যজুড়ে বৃষ্টির দাপট চলবে আরও কয়েক দিন ৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যজুড়ে বর্ষা অত্যন্ত সক্রিয়। সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বর্তমানে অনুপগড়, দিল্লি, শাহজাহানপুর, বস্তি ও ছাপরার উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত । পাশাপাশি, উত্তর-পশ্চিম বিহার ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় কয়েক দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি। আজ, বুধবার 5 অগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । মালদা ও দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ 6 অগস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 10 অগস্ট, অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ।
দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এই সময় । বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 অগস্ট পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং দুই 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে । 7 অগস্ট ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 99 এবং সর্বনিম্ন 80 শতাংশ।