দক্ষিণ কলকাতার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ আগামী বৃহস্পতিবার, 3 জুলাই মামলাগুলির শুনানি হবে ৷ মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ শুনানির বিষয়ে জানিয়েছে ৷ এই মামলায় সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ গত বুধবার সাউথ ক্যালকাটা ল’ কলেজের এক আইন পাঠরতা ছাত্রীকে কলেজের মধ্যে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজ মিশ্র-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷এই ঘটনায় আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ পাশাপাশি রাজ্যের কলেজগুলির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন না-হওয়ার বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে ৷ এদিকে কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন না-হওয়া সত্ত্বেও কীভাবে ইউনিয়ন চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা ৷সোমবার কসবা ল’ কলেজের আইনের ছাত্রীকে ‘গণধর্ষণে’র ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন আইনজীবী সংগঠনের ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে চিঠি দিয়েছে ‘অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন’ ৷ আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছে তারা ৷ গণধর্ষণের ঘটনায় সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন বিজয় সিংহল নামে এক মামলাকারী ৷ পাশাপাশি দুই আইনজীবী সৌম্য শুভ্র রায় ও সায়ন বন্দ্যোপাধ্যায় দু’টি আলাদা আলাদা জনস্বার্থ মামলা দায়ের করেছেন ৷ একই সঙ্গে সুপ্রিম কোর্টেও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ সুপ্রিম কোর্টের এক আইনজীবী শীর্ষ আদালতে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন ৷

